গাজীপুরে এক বছরে ৭৯৪ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে

গাজীপুরে এক বছরে ৭৯৪টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে যৌন হয়রানি, ধর্ষণ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিয়ে ও অপহরণের মতো ঘটনা রয়েছে।

গতকাল মঙ্গলবার গাজীপুর জেলা শহরে আইন ও সালিশ কেন্দ্র তাদের কার্যালয়ে গাজীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে প্রতিবেদন উপস্থাপন ও মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে গাজীপুরে যৌন হয়রানি ২২টি, যৌতুকের জন্য নির্যাতন ৪০টি, শারীরিক ও মানসিক নির্যাতন ৩২২টি, গণপরিবহনে নির্যাতন ১৭টি, বাল্যবিয়ে ৫৫টি, ইভটিজিং ১৪৩টি, অনলাইনে যৌন হয়রানি ৩১টি, অপহরণ ১২টি, অপহরণ চেষ্টা ২টি ও অন্যান্য ১৩৬টিসহ ৭৯৪ নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ছাড়া একই বছরে জেলায় ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২৩ জন নারী এবং ধর্ষণচেষ্টার শিকার হন সাত নারী। একই সময়ে গাজীপুরে বিভিন্নভাবে হত্যার শিকার হন ১৪ জন নারী এবং লাশ উদ্ধার করা হয় ১৮ জন নারীর এবং শারীরিক নির্যাতনের শিকার হন চার নারী।

আসকের অগ্নি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট গাজীপুরের পাঁচটি উপজেলার সিএসও সদস্যদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে বলে সভায় জানানো হয়।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত ‘যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকারে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকল্পের সমন্বয়কারী আসমা খানম রুবা, গাজীপুর জেলা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার আনজুম অর্পি প্রমুখ।