জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চিঠি প্রত্যাহার এবং শিক্ষা কার্যক্রম সুনির্দিষ্টভাবে চলমান রাখার দাবিতে অবস্থান ধর্মঘট করেছেন শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান নিয়ে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করায় সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ^বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেননি শিক্ষার্থীরা। তবে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি ও রেজিস্ট্রারকে ভেতরে প্রবেশ করতে দিলেও অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে চার ঘণ্টা ধরে সব কর্মকর্তা ও কর্মচারীকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে অবস্থান করতে হয়।
এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান ধর্মঘটের খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ জানান, শিক্ষার্থীদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিষয়টি সমাধানের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর লুৎফর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন প্রোভিসি অধ্যাপক ড. নূরুল ইসলাম, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন ও ডিন প্রফেসর ড. মো. আবুদ্দারদা। আগামী সাত দিনের মধ্যে এ কমিটি শিক্ষার্থীদের দাবির বিষয় নিয়ে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।