কুয়াশার দাপট পরাস্ত করে গগণ চিরে সূর্য উঁকি দিলেও থেমে নেই রাজধানী ঢাকার বায়ুদূষণ। শুষ্ক আবহাওয়ায় ক্রমেই যেন ঢাকার বাতাসে বাড়ছে দূষণের মাত্রা। আজ বুধবার এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৫১৮ স্কোর নিয়ে রাজধানী ঢাকার বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের পর্যবেক্ষণ বলছে, সকালে ঢাকার বাতাসের একিউআই ৫১৮, বায়ুমানের এই পরিস্থিতিকে বলা হয় ‘ঝুঁকিপূর্ণ’ বা ‘বিপজ্জনক’। ঢাকা তখন দূষিত বায়ুর শহরের তালিকায় দুই নম্বরে অবস্থান করছিল।
দূষিত শহরের শীর্ষে আছে বসনিয়ার হারজোগভিনিয়ারের সারাজেভো। শহরটির স্কোর ৫২৮।
২০৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে পাকিস্তানের করাচি শহর। এছাড়া একই স্কোর নিয়ে চীনের চংকিং চতুর্থ এবং ২০২ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় শহর পঞ্চম স্থানে রয়েছে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।