ঘন কুয়াশায় আরিচা-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। একপর্যায়ে মধ্যরাত ৩টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায় এবং মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে বনলতা, বি এস জাহাঙ্গীর ও বাইগার নামের তিনটি ফেরি আটকা পড়ে। পরে সেগুলো সেখানে নোঙর করে রাখা হয়। মধ্যরাত সাড়ে ৩টার দিকে নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

আজ বুধবার সকালে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানায়, দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় দুটি নৌপথেই ফেরি চলাচল শুরু হবে।