রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সাহায্য করবে ইউএনএইচসিআর

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার জন্য ইউএনএইচসিআর বাংলাদেশকে সাহায্য করবে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা জানান।

গতকাল মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ বিষয়ে এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য তার সহায়তা চাইলে গ্রান্ডি ড. ইউনূস বলেন, আপনার সঙ্গে সহযোগিতায় আমরা প্রস্তুত। এ সময় অধ্যাপক ইউনূস বলেন, আপনার কণ্ঠ হবে আরও গুরুত্বপূর্ণ।

প্রায় ১ লাখ শরণার্থীর আগমন বাংলাদেশের ওপর আরও বোঝা চাপিয়ে দিয়েছে বলে উল্লেখ করে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকটের ওপর বিশ্বের মনোযোগ ফিরিয়ে আনার আহ্বান জানান। তিনি বলেন, পরিস্থিতি জটিল হয়ে উঠছে। তারা আরও রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে।

রোহিঙ্গাদের আশ্রয়স্থল নির্মাণের জন্য উন্নত উপকরণ ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য গ্র্যান্ডি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। পূর্বে, রোহিঙ্গাদের কেবল বাঁশ এবং ত্রিপল দিয়ে আশ্রয় তৈরি করার অনুমতি ছিল। 

বৈঠকে তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন, যেখানে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

প্রধান উপদেষ্টা জানান, তিনি রোহিঙ্গা সংকটের জন্য একজন উচ্চ প্রতিনিধি নিয়োগ করেছেন, যিনি সরকারের সব সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করছেন।