চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি দেখে দর্শকদের বিরক্ত হওয়ারই কথা। দুই দলই খেলেছে ঢিমেতালের ফুটবল। শেষ পর্যন্ত ১০ জনের লিলেকে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে লিভারপুল। এটা তাদের টানা সপ্তম জয়। সাত ম্যাচের সবকটি জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংলিশ ক্লাবটি।
মঙ্গলবার রাতে অ্যানাফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটির প্রথম আধা ঘণ্টায় দুই দল মিলিয়ে একটিমাত্র শট লক্ষ্যে ছিল। ৩৪তম মিনিটে নিজেদের সীমানা থেকে প্রতি-আক্রমণে গোল পেয়ে যায় লিভারপুল। মাঝমাঠ থেকে কার্টিন জোন্সের থ্রু পাস ধরে দ্রুত এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে বল জালে পাঠান মোহাম্মদ সালাহ। ইউরোপিয়ান প্রতিযোগিতায় মিশরের স্ট্রাইকারের এটা ৫০তম গোল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অবশ্য মুহুর্মুহু আক্রমণ শুরু করে বার্সেলোনা। ৫৯তম মিনিটে লুইস দিয়াসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লিলের ডিফেন্ডার আইসা মান্দি। ৬২ মিনিটে ম্যাচে সমতা ফেরান জোনাথন ডেভিড। এবারের চ্যাম্পিয়ন্স লিগে কানাডার এই ফরোয়ার্ডের এটা পঞ্চম গোল। ৪ মিনিট পরই ডি-বক্সের বাইরে থেকে হার্ভি এলিয়টের শটে প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়ায়। এই গোলই শেষ পর্যন্ত জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দেয়।