কুমিল্লার চৌদ্দগ্রামে নাশকতার মামলা থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত। গত সোমবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা জেসমিন তাকে অব্যাহতি দেন।
আজ বুধবার কুমিল্লার আদালতের পিপি অ্যাডভোকেট কায়মুল হক রিংকু এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গত ২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা নাশকতার এক মামলা থেকে খালেদা জিয়াসহ ৪২ জনের নামে মামলা দায়ের করা হয়। এর মধ্যে মামলার ৩২ নম্বর আসামি বেগম খালেদা জিয়াসহ ৩৬ জনকে অব্যাহতি দিয়েছেন কুমিল্লা দায়রা জজ আদালত।
অ্যাডভোকেট কায়মুল হক রিংকু জানান, গত ২০১৫ সালে ২৫ জানুয়ারি হরতাল চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়। বিশেষ ক্ষমতা আইনে পুলিশবাদী হয়ে দায়ের করা ওই মামলায় বেগম খালেদা জিয়ারসহ ৩২ জনকে আসামি করা হয়। খালেদা জিয়া এই মামলায় ৩২ নম্বর আসামি।
তিনি জানান, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি এবং রাজনৈতিক কারণে এ মামলা দায়ের করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে। এজাহারে ৩২ জনের বিরুদ্ধে মামলা হলেও চার্জশিটে ৪২ জনের নাম উঠে আসে। এর মধ্যে ৩৬ জনকে অব্যহতি দেওয়া হয়েছে। বাকি ৬ জন উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে থাকায় তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।
তিনি আরও জানান, কুমিল্লায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। যা দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে।