ড্রাইভারের বিরুদ্ধে সিভিল এভিয়েশন স্কুলে অন্যায় হস্তক্ষেপের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

পেশায় গাড়িচালক হলেও বেশভূষা বেশ জমিদারি। পরোয়া করেন না কাউকে। সিরাজ দৌলা নামক সিভিল এভিয়েশন বাংলাদেশ (ক্যাবের) ওই গাড়ি চালকের প্রভাবে অনেক কর্মকর্তাও অসহায়। তার ইচ্ছের বিরুদ্ধে কেউ কিছু করলেই তার বিরুদ্ধে চলে নানা ষড়যন্ত্র। সম্প্রতি সিরাজ মেতেছেন সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা অস্থিতিশীল করার ষড়যন্ত্রে।

এর প্রতিবাদে বুধবার সকালে মানবন্ধন করেন শিক্ষা প্রতিষ্ঠানটির কর্মকর্তা, কর্মচারি, শিক্ষার্থী ও অভিভাবকরা।

মানববন্ধনে তারা বলেন, কয়েকদিন আগে ওই স্কুলে নিয়মবহির্ভূতভাবে নিজের সন্তানকে ভর্তি করানোসহ নানাবিধ অবৈধ সুবিধা প্রাপ্তির জন্য চাপ সৃষ্টি করেন সিরাজ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী এ বছর শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন অপরিহার্য। গাড়িচালক সিরাজ নিয়ম অনুযায়ী ছেলের জন্য অনলাইন আবেদনে অংশ না নিয়েই প্রভাব খাটিয়ে ভর্তি করতে চান।

স্কুল কর্তৃপক্ষ সরকারি বিধি মোতাবেক ভর্তি হতে বললে শিক্ষা প্রতিষ্ঠানটি অস্থিতিশীল করার জন্য সক্রিয় হয়ে ওঠেন সিরাজ। শিক্ষাপ্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ করাসহ পাঠদানের বিদ্যমান পরিবেশ বিঘ্নিত করার জন্য মানববন্ধন করারও হুমকি দেন। যদিও শেষ পর্যন্ত অন্য অভিভাবকদের সাড়া না পেয়ে তা প্রত্যাহার করেন সিরাজ।