চুক্তি স্বাক্ষরের আগে সিটির আইনি ঝুঁকি নিয়ে ভাবেননি হালান্ড

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড জানিয়েছেন, প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে ক্লাবের বিপক্ষে চলমান আইনি প্রক্রিয়ার সম্ভাব্য পরিণতি নিয়ে তিনি কখনো ভাবেননি। সম্প্রতি সিটির সঙ্গে নয় বছর নয় মাস মেয়াদী নতুন চুক্তি স্বাক্ষর করা হাল্যান্ড ক্লাবটির ক্ষমতাধর কর্মকর্তাদের প্রতি তার পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।

সিটির বিরুদ্ধে আনা শতাধিক অভিযোগ প্রমাণিত হলে ক্লাবটিকে প্রিমিয়ার লিগ থেকে অবনমন করার সম্ভাবনা রয়েছে। তবে হাল্যান্ড আশাবাদী যে, ক্লাবের শীর্ষ কর্মকর্তারা পরিস্থিতি তাদের অনুকূলে রাখতে সক্ষম হবেন।

আগামী বুধবার প্যারিসে চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে সিটি। এই ম্যাচে হারলে ২৪-তম স্থান থেকে পিছিয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন কাঠামোতে সিটির বিদায়ের শঙ্কা তৈরি হবে। যদিও সাম্প্রতিক সময়ে পারফরম্যান্সে উন্নতি করে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে পেপ গার্দিওলার দল।

নতুন চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাল্যান্ড বলেন, 'আমি কখনো ভাবিনি যে যদি পরিস্থিতি খারাপ হয় তবে আমার জন্য কী হতে পারে। ক্লাবের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। এখানে আমি আড়াই বছর কাটিয়েছি, এবং জানি ক্লাব কীভাবে কাজ করে।'

এদিকে, ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে ১৯ বছর বয়সী ডিফেন্ডার ভিটর রেইসকে ২৯.৫ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে সিটি। এর আগে ফরাসি ক্লাব লেন্স থেকে ২০ বছর বয়সী ডিফেন্ডার আব্দুকাদির খুসানভকে আনা হয়েছে। গার্দিওলা জানিয়েছেন, উভয় তরুণ ডিফেন্ডারই প্রিমিয়ার লিগে খেলার জন্য প্রস্তুত।

এছাড়া, জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ফরোয়ার্ড ওমর মারমুশকে দলে টানার দোরগোড়ায় পৌঁছেছে সিটি। জানুয়ারিতে দলবদলে সিটির ব্যয় এরই মধ্যে £১০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং আরও একজন খেলোয়াড় কিনতে চায় তারা। এই ধরনের ব্যয় দেখে ধারণা করা যায়, ক্লাবের নেতৃবৃন্দ অবনমনের শঙ্কা নিয়ে ভাবিত নন।

অক্টোবরে শুরু হওয়া ১৩ ম্যাচের বাজে পারফরম্যান্সে মাত্র একটি জয় তুলে নিয়ে সমালোচনার মুখে পড়ে সিটি। তবে সেই ধাক্কা সামলে ওঠে শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেয়েছে দলটি। নতুন চুক্তির পর হাল্যান্ড তার প্রথম গোলটি করেন ইপসউইচের বিপক্ষে ৬-০ ব্যবধানের জয়ে।

তবে ঘরোয়া প্রতিপক্ষের বিপক্ষে জয় পেলেও, লিগ ওয়ানের শীর্ষে থাকা অপরাজিত পিএসজির বিপক্ষে চ্যালেঞ্জটা একেবারেই ভিন্ন। চ্যাম্পিয়নস লিগের এ গুরুত্বপূর্ণ ম্যাচে সিটির পারফরম্যান্স হবে তাদের সাম্প্রতিক উন্নতির প্রকৃত পরীক্ষা।