জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, জাতির সামনে সব থেকে বড় ফোকাস জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা ২০২৫ সালের শেষ বা ২০২৬ সালের শুরুর দিকে ভোট অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা মূলত এখন জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এতদিন ভোট নিয়ে মানুষের মাঝে অনীহা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল। আমরা সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে একটি সঠিক, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে তিনি বলেন, নতুন ভোটারদের সংযুক্ত করা, মৃতদের নাম বাতিল, ভূয়া ভোটার চিহ্নিতকরণ এবং রোহিঙ্গাসহ ভিনদেশি নাগরিকদের ভোটার হওয়া প্রতিরোধের জন্য কাজ চলছে। এ লক্ষ্যে গত সোমবার থেকে তথ্য সংগ্রহকারীরা সারাদেশে ছড়িয়ে পড়েছেন এবং বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। এ কার্যক্রম ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
তিনি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা ও জনগণের তথ্য সংগ্রহকারীদের যথাযথ তথ্য দিয়ে সহযোগিতা করা প্রয়োজন। সঠিক তথ্য দিলে ভবিষ্যতে ভোগান্তি এড়ানো যাবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান। এ ছাড়া সভায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা এবং বরিশাল জেলার সকল উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।