জুলাই অভ্যুত্থানের বীরত্ব তুলে ধরতে ‍দুবাইয়ে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ

চলতি বছরের ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আমন্ত্রণ জানান। 

প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন তরুণ উপদেষ্টাকে তার সঙ্গে নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে। যাতে তারা ব্যাখ্যা করতে পারেন কীভাবে তারা পতিত শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই মাসের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন।

আলোচনায় উভয় পক্ষই তরুণদের বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় প্রফেসর ইউনূস বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।