হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কালনী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজী দিপু (৪০) ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, কালনী গ্রামের ফরিদ মিয়া এবং ইউপি মেম্বার শাস্তু মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকটি মামলাও রয়েছে দু’পক্ষের মধ্যে।
ওসি আরও জানান, বুধবার বিকেলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়। এর মধ্যে ফরিদ মিয়ার পক্ষের কাজী দিপুকে আশঙ্কাজনক অবস্থায় সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।