আমি মনে হয় আর তরুণী নেই

নাটক, ওটিটি এবং সিনেমা তিন মাধ্যমেই সরব তানজিকা আমিন। তবে দুই দশকের ক্যারিয়ারে এখনকার মতো এত ব্যস্ত সময় কখনো পার করেননি তিনি। মাঝে কয়েক বছরের বিরতিতে ছিলেন। বিরতি কাটিয়ে ফেরেন আর নানামাত্রিক চরিত্রে বাজিমাত করেন।

গেল মাসে হঠাৎ করেই বিয়ের খবর দিয়ে আসেন আলোচনায়। অস্ট্রেলিয়া প্রবাসী সাইফ বসুনিয়ার সঙ্গে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন এ অভিনেত্রী। ছয় বছর আগে থেকেই তাদের পরিচয়, এরপর বন্ধুত্ব তারপর বিয়ে। নতুন দাম্পত্য জীবন এবং কাজ সমানতালেই চালিয়ে নিচ্ছেন।

দাম্পত্য জীবন প্রসঙ্গে শুরুতেই অভিনেত্রী বললেন, ‘খুবই ভালো যাচ্ছে। যদিও আমরা দুজন দুই দেশে অবস্থান করছি এখন। তারপরেও বেশ সুন্দরভাবে চলে যাচ্ছে। জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই। পাশাপাশি কাজও করে যাচ্ছি। সবকিছু মিলিয়ে বেশ আছি বলতে পারেন।’

এখন তানজিকাকে আগের মতো নিয়মিত নাটকে দেখা যায় না। দুটো ধারাবাহিক প্রচার চলমান, এর পাশাপাশি কিছুদিন আগে শেষ করলেন নতুন ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। ‘মহানগর ২’ দিয়ে রীতিমতো আলোচনায় আসার পর তার কাছে ওয়েবের প্রস্তাবও বেড়েছে। কাজ করেছেন ‘কাল পুরুষ’, ‘অমীমাংসিত’-তেও।

সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে দেশ রূপান্তরকে তানজিকা আমিন বলেন, ‘কাজের ব্যস্ততা বেশ ভালোই। এরমধ্যে শেষ করলাম অমিতাভ রেজা চৌধুরীর ‘বোহেমিয়ান ঘোড়া’র কাজ। এখন এর ডাবিং চলছে। নাটকের কাজ তো এখন সেভাবে করা হচ্ছে না। দুটো ধারাবাহিক চলছে। আর নতুন কিছু প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে।’

অমিতাভ রেজার সঙ্গে এর আগে বিজ্ঞাপনে কাজ করা হলেও ফিকশন কিংবা ওয়েবে কাজ করা হয়নি তার। অভিনেত্রীর ভাষ্যে, অমিতাভ রেজার সঙ্গে আগে অনেক বিজ্ঞাপনে কাজ করা হয়েছে। আর সে তো সেভাবে অনেক বেশি কাজও করে না। এখন ওয়েব করছে, সিনেমা করছে তাও অনেক দিন পরপর। সেদিক থেকে কোনো লম্বা ফিকশনে এবারই তার সঙ্গে প্রথম কাজ।

তিনি আরও বলেন, ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজে আমার চরিত্রের নাম নূরজাহান। এখন এর বেশি বলা যাবে না। শুধু এতটুকু বলব, এখানে আমাকে যেভাবে দেখা যাবে এ রকম আগে কখনো হয়নি। কাজটি নিয়ে খুবই উচ্ছ্বসিত। আর অমিতাভ রেজার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই চমৎকার। এত ব্রিলিয়ান্ট এবং গোছানো চমৎকার একটা টিমের সঙ্গে কাজ করেছি। সবকিছু দুর্দান্ত ছিল।

এর বাইরে ওটিটি এবং সিনেমা নিয়েও তার সঙ্গে কথা হচ্ছে বলে জানালেন তানজিকা। বললেন, ওটিটির কাজ নিয়ে কথা হচ্ছে। পাশাপাশি সিনেমা নিয়েও। কথাবার্তা এগোচ্ছে, আপাতত এতটুকুই বলতে পারব। চূড়ান্ত না হওয়া পর্যন্ত এর বেশি বলতে পারছি না।

সেই সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, কাজ তো অনেক আসে কিন্তু মনের মতো প্রজেক্ট খুব কম পাচ্ছি। মন মতো পেলে তবেই সেটা করছি। অনেক কাজের প্রস্তাব এলেও জুতসই প্রজেক্ট খুব কম আসছে। জানি না, কেন ভালো গল্প আমার কাছে আসছে না। ভালো গল্প সব তরুণ-তরুণীর কাছে যাচ্ছে। আমি মনে হয় আর তরুণী নেই। আমি তো অপেক্ষায় আছি ভালো গল্পের, কেন আমার কাছে আসছে না, জানি না।