২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে দণ্ডিত দেড় হাজারেরও বেশি লোককে ক্ষমা ঘোষণা করেছিলেন ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পর পরই এ ঘটনায় জড়িত সব আসামিকে ক্ষমা করে দেওয়ার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প।
তার এ আদেশের পর মঙ্গলবার (২১ জানুয়ারি) ২১১ জনকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফেডারেল ব্যুরো অব প্রিজনস। তবে ট্রাম্পের ক্ষমা প্রত্যাখ্যান করেছেন দাঙ্গায় অংশ নিয়ে কারাগারে থাকা এক নারী।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পামেলা হেমফিল নামে দাঙ্গায় অভিযুক্ত ওই নারী নিজের দোষ স্বীকার করে ইতিমধ্যে ৬০ দিনের কারাদণ্ড ভোগ করেছেন। তিনি মনে করেন, ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গার জন্য কোনো ক্ষমাই গ্রহণ করা উচিত নয়।
পামেলা হেমফিল বলেন, ‘আমরা সেদিন ভুল করেছিলাম। ক্ষমা গ্রহণ করা হলে তা কেবল ক্যাপিটল পুলিশ কর্মকর্তা, আইনের শাসন এবং আমাদের জাতিকেই অপমান করা হবে।’
‘আমি দোষী ছিলাম বলেই দোষ স্বীকার করেছিলাম। তাই এখন ক্ষমা গ্রহণ করলে তা তাদের (ট্রাম্প প্রশাসন) গ্যাসলাইটিং এবং মিথ্যা বয়ানেই নতুন মাত্রা যোগ করা হবে,’ বলেন তিনি।
উল্লেখ্য, প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনকে উল্টে দেওয়ার চেষ্টার ঘটনায় জড়িত প্রায় ১ হাজার ৬০০ জনের দণ্ড মওকুফ ঘোষণা করেন। হোয়াইট হাউসে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই লোকেরা ইতিমধ্যে কারাগারে দীর্ঘ সময় পার করেছে। তাদের অমানবিক পরিস্থিতিতে রাখা হয়েছিল। এটি ভয়াবহ ছিল।’