সাভারে ডেইরি ফার্মের শ্রমিককে গলা কেটে হত্যা

সাভারে ডেইরি ফার্মের ভেতরে ঘাস কাটাকে কেন্দ্র করে মাফুজুর রহমান রাজু (৪০) নামে এক শ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে সাভারের ডেইরি ফার্মের ভেতরের একটি মাঠ থেকে নিহত ওই শ্রমিকের রক্তাক্ত মরদেহটি উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। এর আগে ডেইরি ফার্মের ভেতরের জঙ্গলে ওই শ্রমিকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

নিহত মাফুজুর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্বচৈতা গ্রামের আতাহার শিকদারের ছেলে। তিনি সাভারে কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের প্রাণী পুষ্টি প্রকল্পের অনিয়মিত শ্রমিক হিসেবে কাজ করতেন। পাশাপাশি তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে চায়ের দোকান করতেন।

ডেইরি ফার্মের শ্রমিকরা জানান, মাফুজুর রহমান প্রায় ছয মাস ধরে অস্থায়ী চুক্তিভিত্তিতে ডেইরি ফার্মে চাকরি করতেন। গত মঙ্গলবার ডেইরি ফার্মের কাজ শেষে মাফুজুর আর বাসায় যাননি। পরে সকালে শ্রমিকরা কাজ করতে এসে রক্তাক্ত অবস্থায় মাফুজুর রহমানের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

নিহত রাজুর সহকর্মী ইসমাইল হোসেন বলেন, ‘রাজু ভাই ও আমি দুজনেই কৃষি শাখায় কাজ করি। পানির পাম্পে কাজ শেষে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ভাইকে বাসায় যাবে কি না, জিজ্ঞেস করলে তিনি হাত-মুখ ধুয়ে, পান খেয়ে এরপর বাসায় যাবেন বলে জানান। সকালে খবর পাই তাকে হত্যা করা হয়েছে।’

সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক মো. মনিরুল ইসলাম বলেন, মাফুজুর রহমান ওরফে রাজু প্রাণী পুষ্টি প্রকল্পের অনিয়মিত শ্রমিক হিসেবে কাজ করতেন। মঙ্গলবার দুপুরে কাজে যোগ দিয়ে সন্ধ্যায় কর্মস্থল থেকে ফেরার সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে হত্যা করেছে। সকাল সাড়ে ৭টার দিকে বিষয়টি জানার পর আশুলিয়া থানা-পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার ওসি মো. নূর আলম সিদ্দিক বলেন, ডেইরি ফার্মের পেছন দিকের একটি পানির পাম্প বন্ধ করে সন্ধ্যা ৭টার দিকে প্রতিষ্ঠানের মূল অংশের দিকে ফিরছিলেন রাজু। ফেরার পথে গলার ডান দিকে ছুরিকাঘাত করায় তিনি মারা যান। সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।