ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বললেন, আসন্ন অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল বুধবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আসন্ন বইমেলা উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত ডিএমপির সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘প্রতি বছরই অমর একুশে বইমেলার আয়োজন করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলবে অমর একুশে বইমেলা। এ বইমেলা ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে।’
বইমেলায় নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘বইমেলার ভেতরে ও বাইরে পর্যাপ্তসংখ্যক পুলিশ সাদা পোশাকে ও ইউনিফর্মে ডিউটিতে নিয়োজিত থাকবে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মেলার ভেতরে ও চারপাশে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। নিিদ্র নিরাপত্তা দিতে থাকবে ওয়াচ টাওয়ার, ফায়ার টেন্ডার ও প্রাথমিক চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা। অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে থাকবে অনুষ্ঠানস্থলগুলো সুইপিং করা, সাদা পোশাকে বিশেষ টিম মোতায়েন, বিলবোর্ড, ব্যানার ও মাইকিং করে দিকনির্দেশনা প্রদান, সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং, মেলা প্রাঙ্গণ ড্রোন দিয়ে মনিটরিং এবং সোয়াট ও বোম্ব ডিসপোজাল টিম স্ট্যান্ডবাই রাখা হবে।’