মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রকাশ্যে অস্ত্র হাতে হামলার অন্যতম নেতৃত্বদানকারী মানিকগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) মধ্যরাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়

তিনি মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক এবং মানিকগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র। তার বিরুদ্ধে নিজেও ভোট ডাকাতি করে কাউন্সিলর হওয়া এবং বিগত শেখ হাসিনার পুরো আমলে জেলায় ভোট ডাকাতি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে এই নেতার  বিরুদ্ধে। 

জানা যায়, গত বছরের ১৮ জুলাই মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের খালপাড় এলাকায় মিছিলরত শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে অস্ত্র হাতে রাজার নেতৃত্বে হামলা করা হয়। এতে মারাত্মকভাবে শতাধিক শিক্ষার্থী আহত হন। তাদের কয়েকজনকে খালপাড় ব্রীজ ও রাস্তার ওপর নির্মমভাবে কোপানো হয়। রাজার নির্দেশে তার আপন ছোট ভাইয়ের নেতৃত্বে কয়েক সংবাদকর্মীকে নাজেহালও করা হয় ওই দিন।

৪ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের মানরা ব্রী ও বাসস্ট্যান্ডে এলাকা দখল নেয় ছাত্র- জনতা। এ সময়  আন্দোলনরত ছাত্র-জনতার ওপর পুলিশ টিয়ারসেল, গুলিবৃষ্টির মাধ্যমে হামলা করা হয়। তখন আগ্নেয়াস্ত্র হাতে রাজার নেতৃত্বে পুলিশের সাপোর্ট টিম হিসাবে বেপরোয়া হামলা করা হয়। এতে কয়েকশ’ ছাত্র-জনতা আহত হন। তখন এটিএন বাংলার মানিকগঞ্জ প্রতিনিধি এবং ইন্ডিপিন্ডেন্ট টিভির মানিকগঞ্জ প্রতিনিধিও হামলার হাত থেকে রেহাই পাননি। ওই রাতে শহরের শহীদ রফিক সড়কে জেলা বিএনপির কার্যালয়ে হামলা করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় রাজার নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা। 


মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ বলেন, ১৮ জুলাই ও ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রযুক্তির সহায়তায় বুধবার মধ্যরাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি পক্রিয়া শেষে তাকে আদালত হয়ে কারাগারে পাঠানো হবে।