মোবাইল অ্যাপসের মাধ্যমে বিনিয়োগ ও অধিক মুনাফার লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে রাজধানী থেকে দুইব্যক্তিকে ১ হাজার ১৫০টি সিম কার্ডসহ গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
আজ বৃস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ডেমরার মাতুয়াইলের মোঘলনগর থেকে গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর থানার মেরকুটা গ্রামের গোপাল চন্দ্র সেনের ছেলে পাপ্পু কুমার সেন (২৮) ও ভোলার চরফ্যাশন থানার আমিনাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. কাওসার (২৭)। তাদের কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত ১ হাজার ১৫০টি সিম কার্ড, একটি হার্ডডিস্ক ও মোবাইল ফোনসহ অন্যান্য আলামত জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা মোবাইল নম্বর দিয়ে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেই গ্রুপে বিভিন্ন ব্যক্তিদের যুক্ত করে তাদের অধিক মুনাফার দেওয়ার লোভ দেখিয়ে বিনিয়োগ করার প্রস্তাব দিতেন। ভুক্তভোগীরা অধিক মুনাফা লাভের আশায় ফাঁদে পড়ে এবং তাদের তৈরি অ্যাপসে নিজেদের নাম, মোবাইল নম্বর, এনআইডি কার্ডের তথ্য দিয়ে একাউন্ট খুলে সেখানে লাখ-লাখ টাকা বিনিয়োগ করেন।
পরে আসামিরা মুনাফা না দিয়ে কৌশলে কোটি কোটি টাকা প্রতারণা করে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হাতিয়ে নিয়ে অবৈধভাবে দেশের বাইরে পাচার করে দিচ্ছে মর্মে তদন্তে প্রকাশ পায়। সেসব অ্যাপস চীন থেকে পরিচালিত হয় মর্মে প্রাথমিকভাবে জানা যায় এবং বাংলাদেশে অবস্থানরত আসামিরা অবৈধ মোবাইল নম্বর অধিক লাভে বিদেশে অবস্থানরত আসামিদের কাছে বিক্রি করে অপরাধ কার্যক্রম সংঘটনে সহায়তা করে থাকে।