ফেনীতে নির্মিত হচ্ছে জুলাই-২৪ শহীদ চত্ত্বর

২০২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মৃতি রক্ষায় ফেনী শহরের হাসপাতাল মোড়ে শহীদ চত্ত্বর নির্মাণের উদ্যোগ নিয়েছে ফেনী পৌরসভা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পৌরসভার রাজস্ব তহবিল থেকে ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত চত্ত্বরে শহীদদের নাম ও ফলক থাকবে। আগামী দু’মাসের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হবে।

নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে ৪ আগস্ট শহরের মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারী ইসতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার আহমেদ ছাড়াও ছাত্র প্রতিনিধি আরমান হোসেন রাফি, সোহরাব হোসেন শাকিল, সালেহ উদ্দিন শাওন, আর্কিটেক্ট মোশারফ হোসেন সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন জানান, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপনে পৌরসভার পক্ষ থেকে শহীদ চত্ত্বর নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।