টানা দ্বিতীয়বার নারী সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর শিরোপা উদযাপনে মেতে ছিলেন ঋতুপর্ণা-মারিয়ারা। এরপর বিশ্রামে ছিলেন জাতীয় দলের মেয়েরা। কদিন আগে ক্যাম্পে ফিরেছেন তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি-মার্চে সংযুক্ত আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।
চার মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। কিরণ একটি সংবাদ মাধ্যমকে বলেন, 'ওরা (সংযুক্ত আরব আমিরাত) আমাদেরকে সম্মতি দিয়েছে ওরা আমাদের সাথে দুটি প্রীতি ম্যাচ খেলবে। দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রথম প্রীতি ম্যাচটি শুরু হবে আগামী ফেব্রুয়ারির শেষ দিকে, দ্বিতীয়টি হবে মার্চের শুরুতে। দুটি ম্যাচই ওদের ওখানে (সংযুক্ত আরব আমিরাতে) গিয়ে খেলতে হবে।'
গেল ৩০ অক্টোবর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে নারী সাফের শিরোপা ধরে রাখে বাংলাদেশ। সাফজয়ী কোচ পিটার জেমস বাটলারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে দেরি হওয়ায় ক্যাম্পে ফেরার তাড়া ছিল না সাবিনাদের। চলতি মাসে পিটারের সাথে নতুন চুক্তি করে বাফুফে। এরপর থেকে শুরু হয়েছে ক্যাম্প। তবে অনুশীলন শুরু হবে এই মাসের শেষ দিকে ছুটি কাটিয়ে পিটার বাংলাদেশে ফিরলে।