আইডিএলসি ফাইন্যান্সের ‘আইডিএলসি ইসলামিক’র সূচনা

আইডিএলসি ফাইন্যান্স পিএলসির শরীয়াহ অর্থায়ন উইন্ডো ‘আইডিএলসি ইসলামিক’-এর আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত হয়। এ অনুষ্ঠানে শরীয়াহ বিশেষজ্ঞ, শিল্প খাতের নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানের প্রধান অংশীদাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। 

এ ছাড়া আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ, আইডিএলসি ফাইন্যান্স এর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন, সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের (সিএসবিআইবি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, আইডিএলসি’র শরীয়াহ সুপারভাইজরি কমিটির (এসএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ মানজুরে ইলাহী ও অন্যান্য শরীয়াহ বিশেষজ্ঞ ও অংশীদাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় ‘শরীয়াহসম্মত অর্থায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন’ বিষয়ক একটি বিস্তারিত উপস্থাপনা ও প্যানেল আলোচনার আয়োজন করা হয়। আলোচনায় শরীয়াহ অর্থায়ন ও টেকসই উন্নয়নের সঙ্গে আইডিএলসি ইসলামিকের ভূমিকা ও সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। 

এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই), কর্পোরেট ও ব্যক্তিগত আর্থিক প্রয়োজন মেটাতে ইজারা মুনতাহিয়া বিত তামলিক (আইএমবিটি) ও মুরাবাহা সেবা বিশেষভাবে তৈরী করেছে এই প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন বলেন, ‘আইডিএলসি ইসলামিক আমাদের শরীয়াহ ভিত্তিক এবং টেকসই আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গ্রাহকদের বহুমুখি চাহিদা পূরণে সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক সুশাসন এবং শরীয়াহ নীতিপরিপালনে আমরা বদ্ধপরিকর।’

এ ছাড়া অনুষ্ঠানে আইডিএলসি ইসলামিক-এর লোগো উন্মোচন করা হয়।