ভারতের মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার তাদের ঐতিহাসিক যাত্রায় একটি নতুন মাইলফলক যোগ করেছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০তম বর্ষপূর্তি উদ্যাপনে তারা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ‘লার্জেস্ট ক্রিকেট বল সেনটেন্স’ শিরোপা অর্জন করেছে।
স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক ম্যাচের বার্ষিকীতে এই রেকর্ডটি তৈরি করা হয়। ঐতিহাসিক এই ম্যাচটি ১৯৭৫ সালের ২৩ থেকে ২৯ জানুয়ারির মধ্যে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। এমসিএ এই রেকর্ডটি উৎসর্গ করেছে প্রয়াত একনাথ সোলকারের প্রতি, যিনি ঐ ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, এবং মুম্বাইয়ের প্রয়াত ক্রিকেটারদের প্রতি যারা ক্রিকেটে অসামান্য অবদান রেখেছেন।
স্টেডিয়ামের মাঠে ১৪,৫০৫ টি ক্রিকেট বল দিয়ে সাজানো হয়েছিল ‘Fifty Years of Wankhede Stadium’ বাক্যটি। এই অনন্য কৃতিত্বের সময় উপস্থিত ছিলেন এমসিএ-র সভাপতি শ্রী অজিঙ্কা নাইক, অফিস কর্মকর্তারা এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্যরা।
এই রেকর্ড তৈরির জন্য ব্যবহৃত বলগুলো মুম্বাইয়ের স্কুল, ক্লাব এবং এনজিওর উদীয়মান ক্রিকেটারদের মধ্যে বিতরণ করা হবে, যাতে তারা এই কৃতিত্ব থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতে বড়ো সাফল্য অর্জন করতে পারে।
এর আগে, এমসিএ ওয়াংখেড়ে স্টেডিয়ামের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভিন্ন আয়োজন করে। এর মধ্যে ছিল মুম্বাইয়ের পুরুষ ও নারী দলের অধিনায়কদের সংবর্ধনা, ১৯৭৪ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম শ্রেণির ম্যাচ খেলা মুম্বাই দলের সদস্যদের সম্মাননা, এবং মাঠ কর্মীদের জন্য পলি উমরিগার স্বাস্থ্য ক্যাম্প ও বিশেষ মধ্যাহ্নভোজ।
১৯ জানুয়ারি আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, ডায়ানা এদুলজি, রোহিত শর্মা এবং অজিঙ্কা রাহানে। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন হাজারো ভক্ত, আর পরিবেশিত হয় অজয়-অতুল এবং অভধূত গুপ্তের মনোমুগ্ধকর পরিবেশনা। শেষে একটি চোখ ধাঁধানো লেজার শো দিয়ে অনুষ্ঠানটি সাফল্যের পরিপূর্ণতা পায়।
এমসিএ-র এই গৌরবময় কৃতিত্ব মুম্বাই ক্রিকেটের প্রতি একটি নতুন ইতিহাসের দরজা খুলে দিয়েছে।