কপিল শর্মাসহ ৩ শিল্পীকে খুনের হুমকি

সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় এখনো ভীতসন্তস্ত্র বলিউড। এরই মধ্যে ফের আতঙ্ক মুম্বাই শহরের টিনসেল টাউনে। এবার হুমকির বার্তা এলো কৌতুকশিল্পী কপিল শর্মার কাছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে ইমেইলের মাধ্যমে খুনের হুমকি আসে তার কাছে। শুধু কপিলই নন, অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক রেমো ডিসুজার কাছেও এসেছে হুমকিবার্তা। ইতিমধ্যে পুলিশ এই বিষয়ে তদন্তও শুরু করেছে।

এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মুম্বাইয়ের অম্বোলি থানার পুলিশ এফআইআর দায়ের করেছে বলে জানা যাচ্ছে।

পুলিশের কাছে যে ইমেইলের তথ্য এসেছে তাতে বলা হয়েছে, ‘নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এই বিষয়কে হাল্কাভাবে নেবেন না। আমরা আপনাদের প্রতি দিনের জীবনযাপনের ওপর নজর রাখছি।’ এই হুমকিবার্তা এড়িয়ে গেলে পরিণতি আরও খারাপ হতে পারে, এ-ও বলা হয়েছে।

সাইফের ঘটনার পরে এই হুমকি বার্তা আসায় ফের আতঙ্কের আবহ তৈরি হয়েছে। গত সপ্তাহে সাইফের বাড়িতে মধ্যরাতে হামলা করে এক

দুষ্কৃতকারী। চুরির উদ্দেশ্য নিয়েই শরিফুল নামের এক ব্যক্তি ঢুকে পড়েছিলেন, এমনই জানিয়েছে মুম্বাই পুলিশ। সেই রাতে সাইফ বাধা দিতে গেলে তার ওপর চড়াও হন সেই হামলাকারী। ছয়বার ছুরিকাঘাতে রক্তাক্ত করেন অভিনেতাকে। অভিনেতা এখন সুস্থ।