নির্মাতা হিসেবে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন অভিনেতা বোমান ইরানি। তার পরিচালিত প্রথম সিনেমা ‘দ্য মেহতা বয়েজ’ গত বছরের সেপ্টেম্বরে মর্যাদাপূর্ণ ১৫তম শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে গ্লোবাল প্রিমিয়ার হয়েছিল। বর্তমানে সিনেমাটি ওটিটিতে মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে এ অপেক্ষার প্রহরও শেষ হতে চলেছে। গতকাল বৃহস্পতিবার প্রাইম ভিডিও ‘দ্য মেহতা বয়েজ’র পোস্টার শেয়ার করে ৭ ফেব্রুয়ারি এটি মুক্তির ঘোষণা দিয়েছে।
এ ঘোষণায় সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে। একজন মন্তব্য করেছেন, ‘এটি আশ্চর্যজনক হতে চলেছে’। আরেকজন লিখেছেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত।’
চকবোর্ড এন্টারটেইনমেন্টের সহযোগিতায় ইরানি মুভিটোন প্রযোজিত এই সিনেমায় প্রধান অভিনেতার ভূমিকায় রয়েছেন বোমান ইরানি। এ ছাড়া অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি, শ্রেয়া চৌধুরী এবং পূজা স্বরূপ।
মেহতা বয়েজ বাবা-ছেলের গল্প, যাদের একে অন্যের মধ্যে নানা বিষয়ে মতবিরোধ। তবে অপ্রত্যাশিত ঘটনার কারণে তাদের একসঙ্গে ৪৮ ঘণ্টা কাটাতে বাধ্য হয়।
গত বছরের সেপ্টেম্বরে ১৫তম শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘দ্য মেহতা বয়েজ’ আন্তর্জাতিক পর্যায়ে আত্মপ্রকাশ করে। ওই উৎসবে ইরানির এ সিনেমা সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। তারপর টরন্টোতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায় (আইএফএফএসএ) সেরা অভিনেতার পুরস্কার জিতেন বোমান ইরানি। অসাধারণ কাজের জন্য তিনি শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সাউথ এশিয়ান ফিল্ম অ্যাসোসিয়েশন (সাফা) অ্যাওয়ার্ড লাভ করেন।
সিনেমা নির্মাণের বিষয়ে বোমান ইরানি বলেন, ‘মেহতা বয়েজকে প্রাণবন্ত করে তোলা অত্যন্ত ফলপ্রসূ ও পরিপূর্ণ যাত্রা ছিল। এই সিনেমা আমাকে নির্মাতা হিসেবে সম্পূর্ণ নতুন সৃজনশীল পথ অন্বেষণে সুযোগ করে দিয়েছে। আমার কাছে বাবা-মা ও সন্তানের মধ্যে জটিল বন্ধন সর্বদা ভালো লাগে। আমি এর চেয়ে আকর্ষণীয় গল্প বা এর চেয়ে ভালো দল চাইতে পারতাম না।’
সিনেমাটির রচয়িতা অস্কারজয়ী ‘বার্ডম্যান’ লেখক আলেকজান্ডার ডিনেলারিস। তার সম্পর্কে ইরানি বলেন, আলেকজান্ডার ডিনেলারিসের অনন্য দৃষ্টিভঙ্গি সিনেমাটিকে অনন্য রূপ দিয়েছে।
সিনেমার কলাকুশলীদের বিষয়ে বলতে গিয়ে পরিচালক বোমান বলেন, অবিনাশ, শ্রেয়া ও পূজার অবিশ্বাস্য অভিনয় চরিত্রগুলোয় প্রাণসঞ্চার করেছে। এ ছাড়া প্রাইম ভিডিওর অবিচল সমর্থনের কারণে ৭ ফেব্রুয়ারি বিশ্ব জুড়ে দর্শকদের আনন্দ ভাগ করতে আমি রোমাঞ্চিত।