উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে অন্তর্বর্তী সরকার থেকে বের হয়েই করবেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, একই সঙ্গে রাজনৈতিক দলের ও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করা অনুচিত।
গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা লেখেন। গত বুধবার প্রকাশিত বিবিসি বাংলাকে দেওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সাক্ষাৎকার প্রসঙ্গে উপদেষ্টা আসিফ এই স্ট্যাটাস দেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার স্ট্যাটাসে লিখেছেন, ‘সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। একই সঙ্গে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করা অনুচিত।’ এই স্ট্যাটাসের আগে নাহিদ ইসলামের এ-সংক্রান্ত একটি পোস্টটি শেয়ার করেন আসিফ মাহমুদ। নাহিদের স্ট্যাটাস শেয়ার করে ক্যাপশনে আসিফ মাহমুদ লেখেন, ‘প্রফেশনালিজম (পেশাদারিত্ব) রক্ষার্থে সরকারে থেকে আরও অনেক কিছুই বলতে পারি না। তবে জনগণকে অন্ধকারে রাখাটাও অনুচিত।’