গভীর রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২৩ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। এটি মাটির ১১২ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১, যা যথেষ্ট শক্তিশালী ছিল বলে জানানো হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং থেকে ১০৬ কিলোমিটার পূর্বে। মিয়ানমার, ভারত ও বাংলাদেশের কিছু অংশে এর প্রভাব পড়েছে, এবং এতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

এর আগে, গত ৭ জানুয়ারি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। যদিও সে সময় ভূমিকম্পটির মাত্রা সম্পর্কে জানা যায়নি। তবে ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান এবং চীনে অনুভূত হয়েছিল। 

ইউএসজিএস জানিয়েছিল, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিকর ১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
 
তারও আগে, গত শুক্রবার ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।