ম্যানইউতে গারানচো-রাশফোর্ডের ভবিষ্যৎ অনিশ্চিত

ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপা লিগের শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছালেও, আলেহান্দ্রো গারানচো ও মার্কাস রাশফোর্ডের ক্লাবে থাকা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। প্রধান কোচ রুবেন আমোরিম জানালেন, জানুয়ারির ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে কী হতে চলেছে, তা তিনি নিশ্চিত নন।

ইউনাইটেডে বেশ কয়েকজন খেলোয়াড়ের দলবদলের গুঞ্জন চলছে। ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনিকে রিয়াল বেটিসে ধারে পাঠানোর আলোচনা রয়েছে। ডাচ ডিফেন্ডার টাইরেল মালাসিয়া নিজেকে নতুন করে প্রমাণের সুযোগ খুঁজছেন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন গারানচো ও রাশফোর্ড।

২০ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার গারানচো চেলসি ও নাপোলির নজরে রয়েছেন। চেলসি তাকে দলে ভেড়াতে ৬০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। তবে ইউনাইটেড এখনো সেই প্রস্তাবে সাড়া দেয়নি।

গারানচো সম্প্রতি ইউনাইটেডের হয়ে ধারাবাহিকভাবে সুযোগ পাচ্ছেন। রেঞ্জার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। ম্যাচ শেষে কোচ আমোরিম তার প্রশংসা করে বলেন, 'সে আমাদের জন্য আজ খুবই গুরুত্বপূর্ণ ছিল। সে দিন দিন উন্নতি করছে এবং দলে তার প্রভাব বাড়ছে।'

কিন্তু ইউনাইটেডের আর্থিক পরিস্থিতি ও প্রফিট অ্যান্ড সাসটেইনেবিলিটি রুলস লঙ্ঘনের ঝুঁকি দলকে খেলোয়াড় বিক্রিতে বাধ্য করতে পারে। গারানচোর মতো হোমগ্রাউন খেলোয়াড় বিক্রি করলে এই নিয়ম মেনে চলা সহজ হবে।

মার্কাস রাশফোর্ডকে ঘিরে পরিস্থিতি তুলনামূলক স্পষ্ট। ২৭ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড গত বছরের ডিসেম্বরের পর থেকে ম্যাচ খেলছেন না। যদিও তিনি অনুশীলনে পুরোপুরি ফিট রয়েছেন, তবে কোচ আমোরিম তাকে স্কোয়াডে রাখছেন না।

রাশফোর্ডের সম্ভাব্য গন্তব্য হিসেবে এসি মিলান ও বার্সেলোনার নাম শোনা গেলেও, মিলানে ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকারের যোগ দেওয়ার কারণে সেই সম্ভাবনা ফিকে হয়ে গেছে। বার্সেলোনার দিক থেকেও দলবদলের অগ্রগতি ধীর।

ক্লাব লিজেন্ড রিও ফার্দিনান্দ মনে করেন, 'রাশফোর্ডের ইউনাইটেড ছেড়ে যাওয়া উভয় পক্ষের জন্যই ভালো হবে। সে নতুন পরিবেশে গেলে তার পুরনো ফর্ম ফিরে পাবে।'

গারানচোকে বিক্রি করলে সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিতে পারে। রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে গারানচোর প্রতি দর্শকদের সমর্থনই সেটি প্রমাণ করেছে। তবে ক্লাবের আর্থিক সংকট এবং কোচ আমোরিমের কৌশলগত প্রয়োজন মিলে গারানচোর বিদায় ঘটাতে পারে।

এখন প্রশ্ন হলো, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে কি ইউনাইটেডের জার্সিতে গারানচো ও রাশফোর্ডকে দেখা যাবে? নাকি এই দুই তারকার বিদায় ইউনাইটেডের ইউরোপা লিগ জয়ের স্বপ্নকে আরও জটিল করে তুলবে?