সিলেট স্ট্রাইকার্স অধিনায়কের আক্ষেপ, ‘ভাঙাচোরা দল নিয়ে খেলতে হচ্ছে’

বিপিএল ২০২৫-এর শুরুর দিকেই বড় চ্যালেঞ্জের মুখে সিলেট স্ট্রাইকার্স। কাগজে-কলমে তুলনামূলক দুর্বল দল হিসেবে বিবেচিত হলেও এবার তাদের মূল বিপদ চোটের হানা। একের পর এক ক্রিকেটার চোটে পড়ায় একাদশ গঠন করাই যেন দায় হয়ে দাঁড়িয়েছে। অধিনায়ক আরিফুল হক হতাশা প্রকাশ করে জানালেন, যেন দুর্ভাগ্যই পিছু নিয়েছে দলটির।

সিলেটের স্কোয়াডে তিনজন নিয়মিত উইকেটকিপার থাকলেও কেউই মাঠে নামার মতো ফিট নন। পিঠের চোটে ভুগছেন জাকের আলি অনিক, হাঁটুর চোটে আক্রান্ত জাকির হাসান, আর আঙুলে চোট পেয়েছেন মানজর। ফলে দলের অনিয়মিত কিপার রনি তালুকদারকে গ্লাভস হাতে নামতে হচ্ছে।

অধিনায়ক আরিফুল বলেন, ‘আমাদের স্কোয়াডে চারজন কিপার থাকার পরও রনিকে কিপিং করতে হচ্ছে। কারণ, অন্যরা কেউ ফিট না। এমন পরিস্থিতি আগে কখনও হয়নি।’

বিদেশি অলরাউন্ডার রাকিম কর্ণওয়াল পুরো মৌসুমে খেলার কথা থাকলেও চোটের কারণে দেশে ফিরে গেছেন। পেস আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তানজিম সাকিবও হাঁটুর চোটে মাঠের বাইরে।

আরিফুল হতাশ কণ্ঠে বলেন, ‘রাকিমের চলে যাওয়াটা আমাদের বড় ধাক্কা। এর মধ্যে সাকিবকেও (তানজিম) পাচ্ছি না। নাহিদকেও খেলানোর পরিকল্পনা করেছিলাম, কিন্তু ওরও পিঠে চোট লেগেছে। এখন ১১ জন খেলোয়াড় নামানোই আমাদের জন্য চ্যালেঞ্জ।’

সবচেয়ে বড় সমস্যার জায়গা হলো, দলে যেন কোনো ব্যাকআপ খেলোয়াড় নেই। আরিফুলের ভাষায়, ‘ভাঙাচোরা দল নিয়েই আমাদের খেলতে হচ্ছে। একের পর এক চোটে সবকিছুই যেন আমাদের বিরুদ্ধে।’

চোট ও দুর্ভাগ্যের এই ধাক্কা সামলে সিলেট স্ট্রাইকার্স কিভাবে ঘুরে দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়।