শনিবার থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলে বিশেষ নির্দেশনা

ঢাকার যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে যানবাহন চলাচল সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি ট্রাফিক বিভাগ কর্তৃক মানিক মিয়া এভিনিউ ও তেজগাঁও শিল্পাঞ্চলের শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউসহ বিভিন্নস্থানে যান চলাচল নিয়ন্ত্রণের ফলে যানজট কমেছে। যার সুফল ইতোমধ্যে জনসাধারণ পেতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিজয়সরণী ক্রসিংয়ের চারপাশের রাস্তায় সৃষ্ট যানজট হ্রাসকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আগামী ২৫ জানুয়ারি যতে নিম্নোক্তভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাহাঙ্গীর গেট হতে আগত মোহাম্মদপুর/ধানমন্ডি/খেজুর বাগান/মানিক মিয়া এভিনিউ অভিমুখী যানবাহন বিজয়সরণী মোড়ে ডানে মোড় নিতে পারবে না। এ সকল যানবাহন প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রবেশ গেটের পূর্বে ডানে মোড় নিয়ে আগারগাঁও লিঙ্ক রোডে উঠবে এবং বিআইসিসি মোড় অথবা আগারগাঁও ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।