বর্তমানে ‘সিকান্দার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান ও রাশমিকা মান্দানা। এর মধ্যেই শরীরচর্চা করতে গিয়ে পায়ে গুরুতর চোট পান অভিনেত্রী। এই ঘটনার পর বিমানবন্দরে দেখা যায় তাকে।
এই ঘটনার পর রাশমিকাকে প্রথমবার বিমানবন্দরে দেখা যায়। মুখ ঢেকে বিমানবন্দরে ঢুকেছেন তিনি। নিজের পায়ে ভর দিয়ে ভালোভাবে হাঁটতেও পারছেন না নায়িকা। একই সঙ্গে ছবির শুটিংও বিপাকে। এর মধ্যেই অভিনয় থেকে অবসর নেওয়ার কথা শোনা গেল রাশমিকার মুখে।
নায়িকার আসন্ন ছবি ‘ছাবা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসে অবাক করা কথা বললেন রাশমিকা। সে ছবিতে মারাঠা রাণী যশুবাঈয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়ায় অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন অভিনেত্রী। জানালেন, এই চরিত্রের পর অভিনয় থেকে অবসর নিয়ে ফেললেও আপত্তি নেই তার।
রাশমিকা বলেন, ‘ছাবা ছবির কাজ শেষ হলে আমি অবসর নিতে প্রস্তুত। আমি কখনোই কান্নাকাটির অভিনেত্রী নই, তবে ট্রেলারটি দেখার পর আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি।’
ইতিমধ্যে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে ‘ছাবা’র ট্রেলার। দর্শকরা এই ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ছবিটি ছত্রপতি শিবাজীর জন্মবার্ষিকীর কয়েক দিন আগে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলে জানা গেছে। প্রসঙ্গত, ‘ছাবা’ সিনেমায় রাশমিকা ছাড়া আরও অভিনয় করেছেন, ভিকি কৌশল, আশুতোষ রানা, দিব্যা দত্ত, নীল ভূপালম, সন্তোষ জুভেকার এবং প্রদীপ রাওয়াত।