বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিশেষ একটি রাজনৈতিক দলকে উপদেষ্টাদের পক্ষ থেকে প্রাধান্য দেওয়া হচ্ছে।’ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি উপদেষ্টার পক্ষ থেকে কিংস পার্টি করা হবে। আমরা এও শুনতে পাচ্ছি, বিশেষ একটি রাজনৈতিক দলকে উপদেষ্টাদের পক্ষ থেকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এ জন্য কি রাজনৈতিক দলগুলো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে না? মানুষের ধারণা, অন্তর্র্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন করবে। অনন্তকাল ধরে তারা সংস্কার করবে, এটা হতে পারে না।’
তিনি বলেন, ‘আজ থেকে ১০ বছর আগে বিএনপি চেয়ারপারসনকে গুলশানের কার্যালয়ে বালির ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। এমন নির্মমতার খবর শুনে মালয়েশিয়ায় অসুস্থ আরাফাত রহমান মার যান। এসব নির্যাতন-ত্যাগ উপেক্ষা করে গত ৫ আগস্ট আমরা একটা বাংলাদেশ কাঁপানো, পৃথিবীর কাঁপানো বিজয় দেখেছি।’
এ সময় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।