রাজধানীর পল্টন এলাকা থেকে ২২টি মামলার আসামি, চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী মো. লালনকে (৩৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে পল্টন মডেল থানার এরশাদ গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পরদিন গতকাল শুক্রবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান পল্টন থানা পুলিশের বরাত দিয়ে বলেন, গত বছরের নভেম্বরে পল্টন থানার শহীদ মতিউর পার্ক এলাকায় মো. জামাল নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে গ্রেপ্তার লালন ও তার সহযোগীরা। সে সময় ওই ব্যক্তিকে গুরুতর জখম করে তার কাছে থাকা ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ১৭ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে লালনকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, লালন একজন পেশাদার মাদক কারবারি ও ছিনতাইকারী। পল্টন মডেল থানা এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন অবৈধ মাদক বিক্রয় ও অসংখ্য ছিনতাইয়ের ঘটনার সঙ্গে সে ও তার সহযোগীরা জড়িত। লালনের বিরুদ্ধে রাজধানীর পল্টন মডেল থানা, মতিঝিল থানা, মুগদা থানা ও ডেমরা থানায় ছিনতাই, ডাকাতি এবং মাদকের ২২টি মামলা রয়েছে। লালনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।