'ইমনকে পেমেন্ট করিনি, আমার টাকা তো গাছে ধরে না'

চলমান বিপিএলে মাঠের বাইরের বিতর্ক যেন থামছেই না। খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসছে। এবার চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংস স্বীকার করেছে যে, বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমন এখনও তার প্রাপ্য পারিশ্রমিক পাননি।  

শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, জাতীয় দলের ওপেনার ইমন পারিশ্রমিক না পেয়ে চিটাগং কিংসের ক্যাম্প ছেড়ে গেছেন। এ বিষয়ে জানতে চাইলে দলটির সত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরী বলেছেন, 'হ্যাঁ, আমি ইমনকে পেমেন্ট করিনি। এটা করিনি ব্যক্তিগত কিছু কারণে। আমার টাকা তো গাছে ধরে না। আমি সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেব, বকেয়া রাখব না।’ পেমেন্ট না করার কারণ জানতে চাইলে সামির আরও বলেন, ‘কিছু ব্যক্তিগত এবং ফ্র্যাঞ্চাইজি ইস্যু আছে। আমি খেলোয়াড় এবং বোর্ডের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

তবে সামির শুধু পারিশ্রমিকের কারণেই থেমে থাকেননি; তিনি ইমনের পারফরম্যান্স নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘সে তো রান করতে পারেনি, দুই ম্যাচ ধরে বেঞ্চে বসে ছিলো।’ বিপিএলে ইমনের পারফরম্যান্স মোটেও সন্তোষজনক ছিল না। সাত ম্যাচে তিনি ১২৫.৬০ স্ট্রাইক রেটে করেছেন মাত্র ১০৩ রান। তবে পারফরম্যান্সের সঙ্গে পারিশ্রমিকের সম্পর্ক থাকা নয়।

ইমন ক্যাম্প ছেড়ে গেছেন এমন খবরে শুক্রবার রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়ে ইমন নিজেই পরিষ্কার করেছেন বিষয়টি। তিনি লিখেছেন, 'লম্বা গ্যাপ থাকায় দুই দিনের ছুটিতে আছি। কোচ ম্যানেজারের সাথে কথা বলে ছুটি নিয়েছি। টিম ছেড়ে চলে গিয়েছি এমন কথার কোনো ভিত্তি নেই। দেখা হবে মাঠে।’

বিপিএলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে ২৫ শতাংশ, মাঝপথে ৫০ শতাংশ এবং শেষের পর বাকি পারিশ্রমিক দেওয়ার কথা। কিন্তু বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি এই নিয়ম মানছে না।  চিটাগং কিংস ও দুর্বার রাজশাহীর বিরুদ্ধে কোনো খেলোয়াড়কে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ উঠেছে। শ্রীলঙ্কান ক্রিকেটার বিনুরা ফার্নান্দো অভিযোগ করেছিলেন যে, তাকে পুরো পারিশ্রমিক দেওয়া হয়নি। তবে সামির দাবি, তাকে ৭০ শতাংশ টাকা পরিশোধ করা হয়েছে।