বিগ ব্যাশে আসছে অদ্ভুত নিয়ম: ৬ বল ডট হলে আউট, ১ বলে দুই আউট

বিগ ব্যাশের চলতি মৌসুম প্রায় শেষ। বাকি শুধু ফাইনাল। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই ভবিষ্যৎ বিগ ব্যাশ নিয়ে ভাবতে শুরু করেছে। 

দ্য সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে জানা গেছে, টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করতে বেশ কিছু নতুন নিয়ম চালুর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে এক বলে দুই ব্যাটসম্যান আউট, টানা ১২ বল বোলিং এবং ডট বল নিয়ে নতুন নিয়ম।

এক বলে দুই আউটের নিয়ম

বর্তমানে এক বলে একজন ব্যাটসম্যান রানআউট হলে বল ‘ডেড’ হয়ে যায়। কিন্তু বিগ ব্যাশ কর্তৃপক্ষ এটি বদলে দিতে চায়। নতুন নিয়মে, ফিল্ডিং দল যদি দুই প্রান্তেই স্টাম্প ভাঙতে পারে, তাহলে দুই ব্যাটসম্যানই আউট হবেন।

এছাড়া একই বলে ক্যাচ এবং রানআউটের নিয়ম চালুর কথাও আলোচনা হয়েছে। তবে এটি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম।

টানা ১২ বল বোলিংয়ের ভাবনা

বর্তমানে এক ওভার শেষে বোলার প্রান্ত বদল করেন। এতে ফিল্ডিং সাজানো ও সময় ব্যবস্থায় সমস্যা হয়। নতুন নিয়মে একজন বোলার চাইলে টানা ১২ বল (দুই ওভার) একই প্রান্ত থেকে করতে পারবেন। তবে একটি ম্যাচে কোনো দল সর্বোচ্চ দুইবার এই সুবিধা পাবে।

ডট বলের নতুন নিয়ম

ব্যাটসম্যানদের আক্রমণাত্মক খেলতে বাধ্য করতে টানা ৬ বল ডট খেললে তাকে আউট ঘোষণা করার কথা ভাবছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। অন্যদিকে, মেডেন ওভার করা বোলারকে একটি অতিরিক্ত ওভার বল করার সুযোগ দেওয়া হতে পারে।

বিশেষ ভূমিকায় খেলোয়াড়

বেসবলের মতো একজন খেলোয়াড়কে শুধুমাত্র ব্যাটিং এবং আরেকজনকে শুধুমাত্র ফিল্ডিংয়ের জন্য মাঠে নামানোর ভাবনাও রয়েছে। এতে ফিল্ডিংয়ে অনাগ্রহী বড় তারকারাও বিগ ব্যাশে খেলার প্রতি আকৃষ্ট হবেন।

সবই এখনো আলোচনায়

এই নতুন নিয়মগুলো এখনো প্রাথমিক আলোচনা পর্যায়ে রয়েছে। দলগুলোর সঙ্গে আলোচনা শেষে বিগ ব্যাশ কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে এসব পরিবর্তন বাস্তবায়ন হলে বিগ ব্যাশ আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।