জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ন্যায়ের পক্ষ নেব, অন্যায়ের প্রতিবাদ করব। যদি অন্যায় নীরবে হজম করি তাহলে আমিও অন্যায়কারীর মদদদাতা হয়ে গেলাম। আমরা এই অপকর্মের দায় নিতে চাই না। এমনকি আমাদের দলের কেউ যদি এমনটা করে তাহলে বলবো তাদের ধরেন, ছাড় দেবেন না। আমাদের খবর দেবেন প্রশাসনকেও খবর দেবেন। এদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স।’
শনিবার সকালে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে জেলা জামায়াত আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর বলেন, ‘জামায়াতের লোকেরা চাঁদাবাজি করে না। দখল বাণিজ্য করে না। শত শত মানুষকে মামলায় ফেলে তাদের কাছ থেকে টাকা আদায় করেনি। ঘুষের ভাগাভাগি করেনি। জাতিকে সামনে এগিয়ে নিতে ঐক্য লাগবে। বিনয়ের সাথে বলবো এমন কোন হটকারী কাজ করবেন না, যার কারণে আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয়। আমরা যেন কেউ চুরি-চামারি না করি। চাঁদাবাজি, দখল বাণিজ্য ও মামলা বাণিজ্য না করি। ফ্যাসিস্টদের যেন কোন রকম আশ্রয় প্রদান না করি।’
দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে এনং জেলা সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, মতিউর রহমান প্রমুখ।