যত দ্রুত নির্বাচন হবে, তত ভালো: আমীর খসরু

গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকলে ভালো হবে না বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান’ বিষয়ক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, সব দলের সমর্থনে এই সরকার গঠন হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা উচিত। আর যদি গণতন্ত্রের বাইরে অন্য কোনও উদ্দেশ্য থাকে, সেটা ভালো হবে না। সরকারের কথাবার্তা ও আচার-আচরণে এর বাইরে কিছু চিন্তা করা সমুচিত নয়। সব বিষয়ে ঐক্য না-ও থাকতে পারে। তবে, যত দ্রুত নির্বাচন হবে, তত ভালো।

তিনি আরও বলেন, বাংলাদেশে সংস্কারের নায়ক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের ক্রান্তিকালে জাতীয়তাবাদের সত্তা দিয়েছেন তিনি। জর্জ ওয়াশিংটনের সঙ্গে তার তুলনা হয়। বিএনপি কখনও জিয়াউর রহমানকে মহামানব বানায়নি। যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না। রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেলে সমস্যা হয় বলেও তিনি বলেন।