সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সময় দিতে রাজি জামায়াত

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী সময় দিতে রাজি বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, আমরা যদি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ১৫ বছর অপেক্ষা করতে পারি। আর একটা ভালো নির্বাচনের জন্য দুই চার মাস আগে হলো কি না পরে হলো সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা। ততটুকু সময় দিতে জামায়াতে ইসলামী রাজি আছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে ভোলা সরকারি স্কুল মাঠে জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাষ্ট্রের সবগুলো অর্গান, বিভাগ করাপ্টেড হয়ে গেছে। এত বড় সংস্কার এত অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। এটা একটা নির্বাচিত সরকার করবে। তবে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচনের জন্য যে বিভাগগুলো জড়িত তা আগে সংস্কার করতে হবে। বিশেষ করে পুলিশ-প্রশাসন, নির্বাচন পদ্ধতি, জুডিসিয়ারি, সংবিধান, জনপ্রশাসনসহ ৬/৭টি সেক্টরে সংস্কার না করে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না। 

প্রধান উপদেষ্টা উদ্দেশ্যে তিনি বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট বিবেচনা করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনে ৬ মাস পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণার করেন। 

কর্মী সমাবেশে জেলার সাত উপজেলা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছে। রাত থেকে জামায়াতের নেতা কর্মীরা মাঠে জড়ো হতে থাকে। আজ ভোরে ফজরের নামাজের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয় নেতা কর্মীরা। দীর্ঘ ১৮ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত এই সমাবেশকে ঘিরে দ্বীপ জেলা ভোলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।