জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত সম্প্রতি স্বরা ভাস্করের সঙ্গে কাজ করার বিষয়ে তার মতামত জানিয়েছেন। এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেন, পছন্দ-অপছন্দের বাইরে গিয়ে পেশাদারিত্বের দিকেই তিনি বেশি গুরুত্ব দেন। কঙ্গনা রানাউত এবং স্বরা ভাস্কর একসঙ্গে কাজ করেছিলেন ২০১১ সালের ‘তনু ওয়েডস মনু’ এবং ২০১৫ সালের ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবিতে। তবে ২০২০ সালে টুইটারে কঙ্গনা স্বরাকে ‘বি-গ্রেড অভিনেত্রী’ বলে সমালোচনা করেছিলেন, যার পর থেকে তারা আর একসঙ্গে কাজ করেননি। সম্প্রতি ইউটিউবার শুভঙ্কর মিশ্রের পডকাস্টে কঙ্গনা বলেন, ‘অবশ্যই আমরা আবার একসঙ্গে কাজ করতে পারি। তখনো তার মতাদর্শ আলাদা ছিল। সে সবসময় কমিউনিজম এবং সোশ্যালিজম নিয়ে সেটে আলোচনা করত। কিন্তু আমি কখনো কোনো অভিনেতা বা ব্যক্তির ওপর তাদের মতাদর্শের ভিত্তিতে মতামত দিইনি। এই সুবিধা কেবল বামপন্থিদের আছে, আমাদের নয়। অনেক অভিনেতা যাদের সঙ্গে আমি কাজ করেছি, তাদের মতাদর্শ আমার থেকে আলাদা। আমি যদি কাউকে পছন্দ না করি, তবুও আমি তাদের সঙ্গে কাজ করতে পারি, কারণ আমি কারও চরিত্রের ওপর বিচার করতে পারি না।’ এদিকে কঙ্গনা তার সাম্প্রতিক ছবি ইমার্জেন্সি নিয়ে ব্যস্ত, যা ১৭ জানুয়ারি মুক্তি পেয়েছে। ছবিটিতে তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন এবং এটি তার একক পরিচালনায় প্রথম ছবি। ইমার্জেন্সি ছবিতে আরও অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমান, শ্রেয়াস তলপাড়ে এবং মহিমা চৌধুরী।