উচ্চ মূল্যস্ফীতির কারণে পাদুকা ব্যবসা ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে। এ অবস্থায় ভ্যাট বাড়লে পরিস্থিতির আরও অবনতি হবে। দেশের একটি বড় অংশ ভ্রাম্যমাণ বিক্রেতারা কর্ম হারাবেন। ফলে ১৫০ টাকার চেয়ে কম দামি সব জুতা-স্যান্ডেলে ভ্যাট অব্যাহতি পুনর্বহালের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি। সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, দেড়শ টাকার নিচে পাদুকা তৈরি করছে এমন ৫ শতাধিক প্রতিষ্ঠান রয়েছে। যেসব প্রতিষ্ঠান নিম্ন ও নিম্নমধ্যবিত্তদের চপ্পল এবং পাদুকা তৈরি করে। এগুলো খুব ছোট প্রতিষ্ঠান। সারা দেশের ব্যবহৃত পাদুকা রিসাইকেল করে এগুলো তৈরি করা হয়।