বিসিবির ক্রিকেট অপসে ফাহিম

গেল আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ফারুক আহমেদ দায়িত্ব নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির। তবে বিসিবির স্ট্যান্ডিং কমিটিগুলোর চেয়ারম্যান কে তা জানা ছিল না। গতকাল মিরপুর হোম অফ ক্রিকেটের বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের ১৭তম সভায় বসেন পরিচালকরা। এ সভাতেই দুটি ছাড়া বাকি সব স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্ধারণ করে দেওয়া হয়। প্রত্যেক চেয়ারম্যান পরবর্তী সময়ে নিজ নিজ কমিটি গুছিয়ে নেবেন।

সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন মিডিয়া কমিটির নতুন প্রধান ইফতেখার রহমান মিঠু। নতুন চেয়ারম্যানদের নাম পড়ে শোনান তিনি। এছাড়া বিসিবির গঠনতন্ত্র সংশোধনের জন্য গঠিত কমিটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিচালনা পর্ষদের সভায়। সেই সঙ্গে স্থগিত করা হয়েছে খসড়া গঠনতন্ত্রও। এর ফলে প্রথম বিভাগ ক্রিকেট মাঠে গড়াতে আর কোনো বাধা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী পরিচালক সংখ্যা ২৫। ঢাকার

ক্লাবগুলো থেকে ১২ জন, জেলা-বিভাগীয় পর্যায়ে ১০, সাবেক ক্রিকেটার কোটা থেকে এক ও জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২ জন মিলে গঠিত হয় পরিচালনা পর্ষদ। নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বে প্রস্তুতকৃত খসড়া গঠনতন্ত্রে ঢাকার ক্লাবগুলোর মধ্যে পরিচালক সংখ্যা ১২ থেকে চার এবং কাউন্সিলর সংখ্যা ৭৬ থেকে কমিয়ে মাত্র ৩০ (প্রিমিয়ার ১২, প্রথম বিভাগ ৮, দ্বিতীয় বিভাগ ৬ ও তৃতীয় বিভাগ ৪) করার প্রস্তাব রাখা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে লিগ বর্জনের হুমকি দিয়েছিল ঢাকার ক্লাবগুলো। এ বিষয়ে মিডিয়া কমিটির নতুন প্রধান ইফতেখার রহমান মিঠু জানান, বোর্ডসভায় সিদ্ধান্ত নেওয়া হয় গঠনতন্ত্র সংশোধন কমিটিকেই স্থগিত করার। এছাড়া বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক এবং ফিক্সিং ইস্যু নিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৈঠকে বসবে টুর্নামেন্টটির গভর্নিং কাউন্সিল। দ্রুততার সঙ্গে এই বিষয়গুলো মিটিয়ে ফেলার কথা জানিয়েছেন।