স্পিনে-স্পিনে টক্কর প্রথম দিনই ২০ উইকেট

পৃথিবীর যেকোনো জায়গায় স্পিনবান্ধব উইকেট গড়ার ক্ষমতা রাখে পাকিস্তানÑ প্রধান কোচ আকিব জাভেদের এমন মন্তব্যের যথার্থতা দেখা গেছে মুলতানের দ্বিতীয় টেস্টে। দুরন্ত ঘূর্ণিতে ঘায়েল হয়ে একে একে কুড়ি জন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরতে হয়েছে মাথা নিচু করে। যেখানে প্রথমার্ধের নায়ক ছিলেন ঐতিহাসিক হ্যাটট্রিক তুলে নেওয়া নোমান আলি, সেখানে পরের অর্ধে জোমেল ওয়ারিকান ও গুদাকেশ মোতি। যে স্পিনে ঘায়েল করে পাকিস্তান উইন্ডিজকে গুটিয়ে দেয় ১৬৩ রানে, সেই একই খড়গের নিচে পড়ে নিজেরা অলআউট হয়েছে ১৫৪ রানে। আজ ৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা।

মুলতান টেস্টের নাটকীয় প্রথম দিনের প্রথমাঙ্কের নায়ক নোমান আলি। অবশ্য তার আগেই ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। অমন পরিস্থিতিতে উইন্ডিজ ইনিংসের ১২তম ওভারে এসে কফিনে পেরেক ঠুকে দেন তিনি। প্রথম তিন বলে একে একে ফেরান জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাচ ও কেভিন সিনক্লেয়ারকে। তাতেই পাকিস্তানের ৪৬৫ টেস্টের ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে হ্যাটট্রিক গড়েন নোমান। তার আগে টেস্টে হ্যাটট্রিক করা ওয়াসিম আকরাম, আবদুল রাজ্জাক, মোহাম্মদ সামি ও নাসিম শাহ-রা প্রত্যেকেই পেসার। হ্যাটট্রিক করার দিনে নোমানের বয়স ৩৮ বছর ১১০ দিন। টেস্ট ইতিহাসে তিনি দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন। ৩৮ বছর ১৩৯ দিনে হ্যাটট্রিক করে এই রেকর্ড শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের। ৩৮ রানে ৭ উইকেট খুইয়ে ধসে পড়া উইন্ডিজ ইনিংসের ত্রাতা হয়ে দাঁড়ান শেষের তিন ব্যাটসম্যান। ৮৭ বলে ৫৫ রানের ইনিংস খেলেন নয়ে নামা মোতি। দশে নেমে ২৫ রান যোগ করেন কেমার রোচ আর ১১ নম্বরে ওয়ারিকান করেন ৩৬ রান। ইনিংসের শেষ তিন ব্যাটসম্যানের সর্বোচ্চ রান গড়ার কীর্তি প্রথম টেস্টেই গড়েছিল উইন্ডিজ। কাল নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙেন আবার। এই প্রতিরোধের ফলস্বরূপ দলীয় ইনিংসটা গিয়ে ঠেকে ১৬৩ রানে। ৪১ রানে ৬ উইকেট শিকার করেন নোমান। সাজিদ খান নেন দুই উইকেট। অভিষিক্ত পেসার কাসিফ আলিও পান এক উইকেট।

ব্যাটিংয়ের পর বোলিং ইনিংসেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন ক্যারিবীয় এ ত্রয়ী। শুরুর আঘাত হানেন রোচ। আর সেই ধারা ধরে রাখেন ওয়ারিকান ও মোতি। ৪৩ রানে সর্বোচ্চ ৪ শিকার ধরেন ওয়ারিকান। মোতি নেন ৪৯ রানে ৩ উইকেট। আর ৬ ওভারে ১৫ রান খরচায় ২ উইকেট নেন রোচ। তাতেই বড় লিডের সুযোগ নষ্ট করে বরং ৯ রান পিছে থাকতেই ১৫৪ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যায় পাকিস্তান। রিজওয়ানের ৪৯ আর সৌদ শাকিলের ৩২ রানের ইনিংস দুটোই ছিল দলের সর্বোচ্চ।