চায়ের দেশ সিলেট আর বন্দর নগরী চট্টগ্রাম ঘুরে বিপিএলের মহাযজ্ঞ ফিরে এসেছে হোম অব ক্রিকেট মিরপুরে। আজ দ্বিতীয় দফায় ঢাকা পর্বের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুপুরে মাঠে নামবে টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা দল ফরচুন বরিশাল। অনুশীলন শেষে দলটির তারকা ক্রিকেটার মোহাম্মদ নবি জানান, শুধু শেষ চার নয়, সেরা দুইয়ে থাকার লক্ষ্য বর্তমান চ্যাম্পিয়নদের। ফাইনালে যাওয়ার বাড়তি সুযোগ নিশ্চিত করতে চান তারা।
নবি বলেন, ‘আমাদের এখনো চার ম্যাচ বাকি। ওই চার ম্যাচে মনোযোগ দিয়ে দলকে সেরা দুইয়ে রাখাই মূল লক্ষ্য। চারটি ম্যাচ এবং প্লে-অফও ঢাকায়ই হবে। এই কন্ডিশনের সঙ্গে আমরা পরিচিত। গত বছরের তুলনায় এবার উইকেট ভালো। যে কারণে বড় রানের ম্যাচ হচ্ছে এবং রান তাড়াও ভালো হচ্ছে। আমরা উপভোগ করছি।’ আগামী ৩ ফেব্রুয়ারি শুরু বিপিএলের প্লে-অফ পর্বের খেলা। সেদিন সন্ধ্যায় মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের সেরা দুই দল। জয়ী দল সরাসরি উঠে যাবে ফাইনালে। আর দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট পাওয়ার সুযোগ থাকবে হেরে যাওয়া দলটিরও। এই প্রসঙ্গে নবি বলেন, ‘সবাই নিজের দলকে সেরা দুইয়ে নেওয়ার চেষ্টা করছে যাতে এক ম্যাচ হারলেও ফাইনালে ওঠার জন্য বাড়তি একটি সুযোগ পাওয়া যায়।’