মুজিব বাহিনীর ব্যানারে ছাত্র-যুবলীগের মিছিল

জামালপুরে মুজিব বাহিনীর ব্যানারে প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আল আমিন ফরাজী নামে এক যুবলীগ নেতার নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি পুলিশ সুপারের কার্যালয়ের পাশে শহর রক্ষা বাঁধ বাইপাস সড়ক হয়ে পৌরসভার পাশে গিয়ে শেষ হয়ে।

ফেসবুক লাইভে গিয়ে ওই মিছিলের ভিডিও শেয়ার দেন যুবলীগ নেতা আল আমিন। তিনি জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তার চাচাতো ভাই শহিদুল ইসলামসহ তিনজনকে আটক করেছে।

এদিকে মাঝে মধ্যে শহরে ছাত্রলীগ-যুবলীগের মিছিলসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকা- পরিচালনার বিষয়টিকে প্রশাসনের ব্যর্থতা বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনের নেতাকর্মীরা।

৬ মিনিট ৫৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি লাল রঙের ব্যানারে সাদা লেখা। তাতে সর্বোপরের বাম পাশে জয় বাংলা ও ডান পাশে জয় বঙ্গবন্ধু লেখা। তার নিচে জয় শেখ হাসিনা, জয় বাংলা, জয় মুজিববাদ। সবশেষে মুজিব বাহিনী, জামালপুর লেখা রয়েছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্য সচিব আবিদ সৌরভ বলেন, ‘জামালপুরে বিভিন্ন সময় রাতের আঁধারে বা খুব ভোরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল হচ্ছে।

 আজকেও (গতকাল) হয়েছে। আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে। কারণ হচ্ছে, প্রশাসন এখনো সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে গ্রেপ্তার করতে পারছে না।’

এ প্রসঙ্গে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘প্রশাসনের কোনো অবহেলা নেই। প্রশাসন কাজ করছে। প্রচুর কাজ করছে। দু-একটা মিছিল হয়তো কোথাও হয়েছে। দু-একজন একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে ফেসবুকে দিয়েছে। অধিকাংশকেই এর আগে গ্রেপ্তারও করা হয়েছে। সন্ধ্যায়-ভোরে ফজরের দিকে তারা এসব করে। এখান থেকেও আমরা তিনজনকে আটক করেছি। এটা হয়তো ভবিষ্যতে আর থাকবে না।’