রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে নিহত শিক্ষার্থী শিমুল শিহাবকে (২০) হত্যার অভিযোগে বিক্ষোভ করেছেন রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা আনুমানিক সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনের সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনের সড়কে অবস্থান নেয়। নিহত শিমুল রাজশাহী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন মেহেরচন্ডী বুধপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুরুতর আহত অবস্থায় শিমুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, দুর্ঘটনায় আহত হয়ে শিমুল মারা গেছেন। তবে শিমুলের স্বজন ও সহপাঠীদের দাবি, তাকে মারধর করে হত্যা করা হয়েছে।
গতকাল রাজশাহী কলেজে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন সেøাগান দেন। তারা শিমুলের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। শিমুল শিহাবের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আশপাশের বাসিন্দাদের মধ্যেও উত্তেজনা তৈরি হয়েছে।
মৃত্যুর ঘটনা অনুসন্ধানে কমিটি গঠন : মৃত্যুর ঘটনায় অনুসন্ধান কমিটি গঠন করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ওই কমিটিকে। শুক্রবার সন্ধ্যা ৭টায় বিশ^বিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মহাসড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাজশাহী কলেজের শিক্ষার্থী শিহাবের ‘রহস্যজনক’ মৃত্যুর ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটসংলগ্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা এই আন্দোলন করেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট বন্ধ করে রাখেন।
বিশ্ববিদ্যালয়ের আশপাশের কাজলা, বিনোদপুর, মেহেরচন্ডীসহ বিভিন্ন এলাকার স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রেখে বিভিন্ন স্লোগান দেন।