রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল হলে জনগণ হতাশ হবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘নতুন রাজনৈতিক দল গঠনকে স্বাগত জানায় বিএনপি। তবে কেউ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করতে গিয়ে সরকার ও প্রশাসনের সহযোগিতা নিলে জনগণ হতাশ হবে।’ গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টির মধ্যদিয়ে মূলত নিজের অজান্তেই পরাজিত শক্তির সুযোগ বাড়ানো হচ্ছে।’

তিনি বলেন, ‘বিএনপি সংস্কার ও নির্বাচন দুটোরই পক্ষে। তবে সংস্কার না নির্বাচন এ নিয়ে কেউ কেউ কূটতর্ক শুরু করেছে। অন্তর্র্বর্তী সরকারের সংস্কারের সঙ্গে আমাদের দেওয়া ৩১ দফার দুই-একটি ছাড়া সবই মিল রয়েছে।’

তারেক রহমান বলেন, ‘সংস্কারের চাইতে সংসার পরিচালনা করা বেশি জরুরি হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের যে অবস্থা তাতে নিম্নবিত্তের সংসার টেকানো দায় হয়ে গেছে। বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্ত করা সম্ভব এই সরকারের কাজ। কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে কেন বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য কমাতে পারছে না বর্তমান সরকার। তাদের প্রশ্ন সরকারের কেউ কেউ অন্য ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না?’

তিনি অভিযোগ করে বলেন, ‘পলাতক সরকার রাষ্ট্রীয় সংবিধানকে দলীয় সংবিধানে পরিণত করেছিল। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে পতিত আওয়ামী লীগ।’

দেশের উন্নয়নে জ্ঞানভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, ‘জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে শিক্ষা কমিশন গঠন করা হবে।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমানসহ বিএনপির একাধিক নেতা বক্তব্য দেন। এতে যোগ দেন সারা দেশ থেকে আসা শিক্ষক ও শিক্ষা কর্মচারীরা।