২০ ওভারই স্পিন, ইতিহাস গড়ে প্লে অফে পার্ল

অ্যালান ডোনাল্ড, শন পোলক, মাখায়া এনটিনি, ডেল স্টেনের মতো কিংবদন্তি পেসারদের দেশ দক্ষিণ আফ্রিকা। যে হাল এখনো ধরে রেখেছেন কাগিসো রাবাদা, লুংগি এনগিডি কিংবা ১৮ না পেরোনো মাফাকার মতো বর্তমান প্রজন্ম্। সেখানে দেশটির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০ তে অনন্য রেকর্ড গড়েছে পার্ল রয়্যালস। প্রথমবারের মতো পুরো কুড়ি ওভার স্পিনারদের দিয়ে করিয়ে বোল্যান্ডে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ১১ রানের দুর্দান্ত জয় তুলে প্লে অফ নিশ্চিত করেছে দলটি।

এই দলের হয়ে খেলেন স্থানীয় তারকা বিয়র্ন ফরটুইন। সহজ কাজটি ঠিকঠাক মতো করেই এ জয় এসেছে বলে মনে করেন তিনি। এবারের আসরে পার্ল রয়্যালসে তিনি জুটি গড়েছেন মুজির উর রহমান ও দুনিথ ভেল্লালাগের মতো স্পিনারদের সঙ্গে। দলে আছেন জো রুট, যিনি এ আসরে এরই মধ্যে ১৬ ওভার বল করে ফেলেছেন। এই ম্যাচের জন্য পার্ল দলে নেয় আরেক প্রোটিয়া লেগি এনকাবা পিটারকে। এ পাঁচজন মিলেই করেন ম্যাচের পুরো ২০ ওভার বোলিং।

আগে ব্যাটিং করে রুটের অপরাজিত ৭৮ ও ডেভিড মিলারের অপরাজিত ২৯ রানের পরও ৪ উইকেটে ১৪০ রান তুলতে পারে পার্ল। সহজ এই লক্ষ্যই পার্লের স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কঠিন হয়ে দাঁড়ায় রাইলি রুশোর প্রিটোরিয়ার সামনে। ম্যাচশেষে পার্ল স্পিনারদের কৃতিত্ব দেন রুশো, ‘তাদের একাদশ দেখে আমরা অবাক হয়েছি। এটি নিশ্চয় বিশেষ কিছু যার সঙ্গে আমরা অভ্যস্ত নই। আর তারা যেভাবে বোলিং করেছে তাতে কৃতিত্ব দিতেই হবে।’

৭ উইকেট হারিয়ে ১২৯ রান তুলতে পারে প্রিটোরিয়া। আর এ জয়ে ৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে এবারের আসরের প্লে অফ নিশ্চিত করতে সমর্থ হয় পার্ল রয়্যালস। দলটির মুজিব আসরের যৌথ সর্বোচ্চ উইকেট শিকারী। ভেল্লালাগে ও ফরটুইনের ইকোনমি রেট এখন পর্যন্ত আসরের সর্বনিম্ম।