২০৩৪ বিশ্বকাপের দূত করতে পেদ্রিকে লোভনীয় প্রস্তাব দেবে সৌদি

সৌদি আরব ফুটবল দুনিয়ায় আরেকটি বড় ধরনের চমক দেওয়ার পরিকল্পনা করছে। লা লিগার দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র এবং বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রিকে দলে ভেড়ানোর জন্য বিশাল অঙ্কের প্রস্তাব তৈরি করা হচ্ছে।  

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের জন্য ইতিমধ্যে ৩৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। একই ধরনের প্রস্তাব শিগগিরই বার্সেলোনার অফিসেও পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে তাদের অন্যতম প্রতিভাবান তারকা পেদ্রিকে টার্গেট করেছে সৌদি প্রো লিগ।  

স্প্যানিশ সুপার কাপ চলাকালীন সময়ে, জেদ্দায় সৌদি প্রো লিগের কর্মকর্তারা পেদ্রির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। ২২ বছর বয়সী এই মিডফিল্ডারকে ২০৩৪ সালের বিশ্বকাপের অ্যাম্বাসেডর হওয়ার প্রলোভনসহ একটি অত্যন্ত লোভনীয় চুক্তির প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে।  

তবে বার্সেলোনা এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। ক্লাবটি পেদ্রির €১ বিলিয়ন রিলিজ ক্লজ কমানোর কোনো পরিকল্পনা করছে না। এরই মধ্যে গুঞ্জন উঠেছে যে পেদ্রি বার্সেলোনার সঙ্গে তার চুক্তি ২০৩০ বা ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর মৌখিক সম্মতি দিয়েছেন। আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষায় রয়েছে।  

অন্যদিকে, সৌদি আরবের লক্ষ্য ভিনিসিয়ুসকেও আকর্ষণ করা। তবে রিয়াল মাদ্রিদ তাদের এই তারকাকে ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।  

সৌদি আরব সম্প্রতি তাদের ফুটবল কার্যক্রমে €৪ বিলিয়ন বিনিয়োগ করেছে। এর বড় একটি অংশ বিশ্বমানের খেলোয়াড়দের দলে ভেড়ানোর জন্য ব্যয় করা হবে।  

তবে পেদ্রি এবং ভিনিসিয়ুসের প্রতি সৌদি প্রো লিগের আগ্রহের বিষয়টি স্প্যানিশ ফুটবল ক্লাবগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দুটো ক্লাবই তাদের তারকাদের ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে।