মতিউরের স্ত্রী কানিজকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

দুর্নীতির মামলায় গ্রেপ্তার ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে একদিনের জেলগেট জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব তার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে একদিনের জেলগেট জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে লায়লা কানিজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। পরদিন ১৫ জানুয়ারি তাকে আদালতে হাজির করে এ মামলায় সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত এদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে শুনানির জন্য ১৯ জানুয়ারি দিন ধার্য করেন। এদিন শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন এবং রিমান্ড শুনানির জন্য আজ রবিবার দিন ধার্য করেন। আজ তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি লায়লা কানিজের বিরুদ্ধে ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। পাশাপাশি ১ কোটি ৫৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও রয়েছে। এ জন্যও তাকে মামলায় আসামি করা হয়।