'বিদেশি' ছাড়াই রংপুরের বিপক্ষে বিশেষ ব্যবস্থায় খেলছে রাজশাহী!

বিপিএলে ঢাকায় ফিরতি পর্বে প্রথম ম্যাচ খেলতে নামছে দুর্বার রাজশাহী বিদেশী ছাড়াই। অবিশ্বাস্য এই খবর চাউড় হয়ে যায় দল রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের জন্য মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আসার পর থেকেই। পরে ঘটনার সত্যতা মেলে টস জয়ী অধিনায়ক তাসকিন আহমেদের কথায়। ব্রডকাস্টারের প্রশ্নের জবাবে তিনি জানান, আগের ম্যাচের একাদশে অনেকগুলো পরিবর্তন নিয়ে খেলতে নামছে তারা। কোনো বিদেশী খেলোয়াড় খেলছে না। 

রাজশাহীর দেশি ক্রিকেটারদের ম্যাচের আগে ঘাম ঝরিয়ে নিতে দেখা গেছে। এ ছাড়া দলের সঙ্গে দেখা গেছে প্রধান কোচ এজাজ আহমেদসহ বাকিদেরও। বিপিএলের নিয়ম অনুযায়ী, দুইজন বিদেশি ক্রিকেটারকে একাদশে রাখাটা বাধ্যতা মূলক হলেও বিষয়টা এ ম্যাচে মানছে না রাজশাহী। বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান বলেছেন, 'রাজশাহী জানিয়েছে, বিদেশি খেলোয়াড় নিয়ে তারা একটু সমস্যায় আছে। সমস্যাটা কি তা বলেনি। তারা আবেদন জানিয়েছে, এই ম্যাচটা তারা বিদেশি খেলোয়াড় ছাড়া খেলতে চায়। বিশেষ বিবেচনায় আমরা তাদের সে অনুমতি দিয়েছি।'

রাজশাহী আজ সব দেশী খেলোয়াড় নিয়ে নামছে। তাসকিন আহমেদ ছাড়াও একাদশে আছেন- সাব্বির হোসেন, জিশান আলম, এনামুল হক বিজয়, ইয়াসির রাব্বী, আকবর আলি, সানজামুল ইসলাম, মোহর শেখ, মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোহর শেখ। 

টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বে নেতিবাচক খবরে বারবার উঠে এসেছিল দুর্বার রাজশাহীর নাম। খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার খবর উঠে আসে। আজ ম্যাচের দিন সকালে হোটেল পরিবর্তন করেছে ফ্র্যাঞ্জাইজিটি। ওয়েস্টিন থেকে শেরাটনে নতুন করে উঠেছে তারা। হোটেল বিল বকেয়া থাকায় এমন আচমকা ঠিকানা বদল করা হয়ে থাকতে পারে।

এনামুল হক বিজয়ের সেফলিতে সতীর্থরা, হাতে পারশ্রমিকের টাকার প্রমাণ

রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া ইস্যুতে ম্যাচ বয়কটের গুঞ্জনের মধ্যেই অবশ্য দেশিদের পাওনা টাকা পরিশোধের খবর পাওয়া গেছে। শুরুর দিকের অধিনায়ক এনামুল হক বিজয় নিজের ফেসবুক পেজে এক পোস্টে খাম দেখিয়ে টাকা পাওয়ার বিষয়টি জানান।

রাজশাহী জিম্বাবুয়ের রায়ান বার্ল ও শ্রীলংকার লাহিরু সামারাকুনকে নিয়ে প্রথম ম্যাচ খেলেছিল। এরপর পাকিস্তানের মোহাম্মদ হারিস, ওয়েস্ট ইন্ডিজের মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স, আফগানিস্তানের আফতাব আলমকে খেলায় রাজশাহী।