ট্রাম্পের সিদ্ধান্তের ফলে ৪০ হাজার আফগানের ফ্লাইট স্থগিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক সহায়তা বন্ধের আদেশে ৪০ হাজারেরও বেশি আফগানের ফ্লাইট স্থগিত করা হয়েছে। ট্রাম্পের এমন সিদ্ধান্তের ফলে তালেবানের হামলার ঝুঁকিতে রয়েছে এসব আফগান অভিবাসী প্রার্থী। শনিবার (২৫ জানুয়ারি) দেশটির শীর্ষস্থানীয় আইনজীবী ও এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন। 

মার্কিন ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, বৈদেশিক সহায়তা বন্ধে ডোনাল্ড ট্রাম্পের আদেশের ফলে যুক্তরাষ্ট্রে স্থানান্তরের যোগ্য ৪০ হাজারেরও বেশি আফগান নাগরিকের ফ্লাইট স্থগিত করা হয়েছে।

আফগানিস্তান পুনর্গঠনের জন্য বিশেষ মহাপরিদর্শক (এসআইজিএআর) জানিয়েছে, ২০২১ সালে তালেবানের দখলের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে মানবিক সহায়তা, শরণার্থী পুনর্বাসনের আওতায় প্রায় ২১ বিলিয়ন ডলার সরবরাহ করেছে।

আফগান শরণার্থীদের সরিয়ে নিতে সহায়তা করা প্রবীণ শন ভ্যানডাইভার বলেন, তিনি মনে করেন— ফ্লাইট স্থগিত একটি অনিচ্ছাকৃত ভুল, যোগ্য আফগানদের জন্য ভিসা ছাড়ের আশা প্রকাশ করেছেন তিনি।

ভ্যানডাইভার জোর দিয়ে বলেন, যুদ্ধের সময় মার্কিন প্রচেষ্টাকে সমর্থন করা হাজার হাজার আফগান এখন তালেবানের প্রতিশোধের মুখোমুখি। অনেকে ভিসা প্রক্রিয়াকরণ বা নিরাপদে স্থানান্তরের অপেক্ষায় রয়েছেন।

কাবুলে জাতিসংঘের কার্যালয়সহ আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সমর্থনে সাবেক আফগান সেনা ও কর্মকর্তারা গত তিন বছরে তালেবানদের হাতে আটক, নির্যাতন এমনকি মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছেন।